শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান-এঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় পৌরসভার কায়দা বাজারদী গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।
জানাজা নামাজের আগে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষে মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা তালিকা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামানের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৯২০, লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০১৬৭, গেজেট তালিকা নম্বর ১০৬২।
বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান-এঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।