শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (৭৫)-এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া চারটা (৪:১৫ ঘটিকা) সময় মরহুমের বাড়ীর সামনের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহ কবরস্থ করার আগে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় শেরপুর সদর আসনের সাংসদ মহান জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তাগন ও পুলিশ বিভাগের কর্মকর্তাগন, এলাকাবাসী, মরহুমের আত্মীয় স্বজনসহ দূরের অনেকে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন শনিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪ টার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনের মৃত্যুতে জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সকলেই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।