শেরপুরের শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ.আর.এম মতিউর রহমান ওরফে রোজ তালুকদারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সকাল ১১টায় গৌরীপুরস্থ মৈত্রেয়ী বাড়ী মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ এবং দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া বালিকা বিদ্যালয় মাঠে।
মরদেহ কবরস্থ করার আগে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও পুলিশ বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান এ.ডি.এম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার কন্যা নিলুফা আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা ডা. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মতিন, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, সাবেক কাউন্সিলর আইয়ুব আলী, কৃষি ব্যাংকের আব্দুল মালেক, জনতা ব্যাংকের সেলিম আল জাহান, আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম, মরহুমের ভাতিজা কাজল মিয়া ও মরহুমের ছোট ভাইসহ অনেকে।

বীর মুক্তিযোদ্ধা এ.আর.এম মতিউর রহমান ওরফে রোজ তালুকদার রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪.৩৫টার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পুত্রবধু, নাতী-নতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা এ.আর.এম মতিউর রহমান ওরফে রোজ তালুকদারের মৃত্যুতে জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সকলেই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।