শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চারদিন পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার কায়দা গ্রামের বেগুনপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রেশমী ওই এলাকার দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের ৪ মেয়ের মধ্যে তৃতীয় সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরের দিকে রেশমী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য জায়গায় অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মিলেনি। আজ শনিবার সকালে ছোট একটি ডোবার পানিতে রেশমীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, নিখোঁজের পরে স্থানীয় লোকজন নিয়ে এই ডোবাসহ আশেপাশের পুকুর গুলোতে ভালোভাবে খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ডোবার পানিতে সতেজ মরহেদ ভাসতে থাকাটা রহস্যজনক বলে মনে করছেন তিনি।
এছাড়া মরদেহ সতেজ থাকায় স্থানীয়রা ধারনা করছেন, শুক্রবার রাতে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তানাহলে মরদেহ এখনো সতেজ থাকার কথা নয়। এনিয়ে জনমনে নানান প্রশ্নের উদয় হচ্ছে। এবিষয়ে পুলিশ জানায়, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।