শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-শেরপুর হাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের সাইদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল গাজীপুরের মাওনা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে মাওনা থেকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেল গুড়িয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। প্রাইভেটকারের চালক কৌশলে পালিয়ে গেছে। চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।