শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র জমা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৫৬৬ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মনোনয়নপত্র জমাদানকারী সম্ভাব্য প্রার্থীরা হলেন- নকলা দক্ষিণ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিনের ছেলে সেনেটারী মিস্ত্রি মোঃ কামাল হোসেন, নকলা দক্ষিণ গ্রামের মৃত আতর আলীর ছেলে সার্ভেয়ার মোঃ নূর মামুদ, নকলা দক্ষিণ গ্রামের মৃত ছফর আলীর ছেলে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছায়েদুর রহমান ও ফেরুষা গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম।

এর আগে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হকের স্বাক্ষরিত তফসিল সংক্রান্ত এক গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ৩০ মে (বৃহস্পতিবার) পর্যন্ত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র উত্তোলণ ও দাখিল করা হয়। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জুন (রবিবার)। ৩ জুন (সোমবার) থেকে ৫ জুন (বুধবার) পর্যন্ত প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে। ৬ জুন (বৃহস্পতিবার) থেকে ৮ জুন (শনিবার) পর্যন্ত আপিল নিস্পত্তি করা হবে। মনোনয়নপত্র বা প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন (রবিবার)। ১০ জুন (সোমবার) চুড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করে, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৬ জুন (বুধবার) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ (শনিবার) নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার আলম সবুজ-এর হঠাৎ মৃত্যু জনিত কারনে এই আসনটি শূণ্য হয়। ২৬ জুন (বুধবার) নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রথম বারেরমতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102