শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থী ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় আলাদা আলাদা স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপার এলাকায় মোজাম্মেল হক (৫২) ও সাইদুল ইসলাম (৪০) নামে দুই কৃষক বিদ্যুতায়িত হয়ে এবং ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাওন আহমেদ (৯) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়ার ছেলে।
জানা গেছে, কৃষক মোজাম্মেল হক তার বাড়ি থেকে বাঁশের খুটি দিয়ে লাইন টেনে পাশ্ববর্তী ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ নেন। খুটিটি ঝড়ে ভেঙ্গে পড়লে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের ছেড়া তার মেরামত করতে যান এবং তারে জড়িয়ে পড়েন। তাকে বাচাঁতে এসে সাইদুল ইসলামও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এলাকাবাসী জানান, শাওন বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বিকেলে পুকুরটিতে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অন্যদিকে, জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় গ্রামে গরুর রশিতে ফাঁস লেগে জুয়েল মিয়া (১২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। জুয়েল স্থানীয় একটি হিফজুল কোরআন কওমী মাদরাসার শিক্ষার্থী ছিলো।