শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী এলাকায় অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ম্যানেজার শরিফুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মনিরুজ্জামান আপেল। ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, নিত্যপণ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এমন উদ্যোগকে মানবিক ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি মানবিক উদ্যোগে এভাবে এগিয়ে আসেন, তাহলে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের ঈদ আনন্দ অন্য সবার মতো স্বাভাবিক ভাবে কাটবে।’ তিনি দেশের সকল বিত্তবান ও সচেতন মানুষকে যেকোন উৎসবে অসহায় দরিদ্র পরিবারের মানুষের মুখে হাসি ফুটাতে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন এলাকা থেকে আগত ছয় শতাধিক পরিবারের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আশাব্যক্ত করেন আয়োজনগণ। এরজন্য সবার দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।