শেরপুরের নকলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক কার্যক্রম ও পৌর এলাকা পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। ‘নিজের শহর, নিজে পরিষ্কার রাখি’ এই আহবানে শনিবার পৌরসভার উদ্যোগে ও আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ কার্যক্রমের প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নকর্মীদের সাথে নিজে প্রতিকী রাস্তা ঝাড়ু দেওয়ার মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমপি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।
এসময় পৌর প্রশাসকের কর্মসম্পাদনা সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেনসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, কর আদায়কারী মো. মুনছুর আলী, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।