‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগানে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা পেয়েছেন শেরপুরের নকলা উপজেলার অদম্য নারী ডা. উম্মে রাকিবা জাহান (মিতু)। তাকে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বিভাগীয় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। সে নকলা পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট গাইনী পদে কর্মরত আছেন। তবে তিনি সহকারী অধ্যাপক গাইনি ও অবস. পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
এরআগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর (বুধবার) জেলা পর্যায়ে এবং ৯ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন করেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় পর্যায়ে অদম্য ৫ নারীর মধ্যে অন্য ৪ জন হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুন নাহার আক্তার; সফল জননী হিসেবে হাসনা হেনা বারী; সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নেত্রকোনার মোহনগঞ্জের তাহমিদা ইসলাম; নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা অদম্য নারী নাসরিন বেগম।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত-এঁর সভাপতিত্বে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন সুলতানা।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার আব্দুস ছাত্তারের মেয়ে লাভলী আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে ডা. উম্মে রাকিবা জাহান (মিতু), সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের স্ত্রী মানছুরা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নকলা পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে ডা. উম্মে রাকিবা জাহান (মিতু) এই ৩ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।