শেরপুরের নকলা পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং পৌর প্রশাসকের কর্মসম্পাদন সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সোমবার পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।
প্রধান অতিথি তার বক্তব্য শুরু করার আগে পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এরপরে পৌরবাসীর নাগরিক সেবা অধিকতর জনবান্ধব করার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সকলকে নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতার ভিত্তিতে স্বাধীনভাবে জনগণের সেবা প্রদানে সর্বদায় সচেষ্ঠ থাকার পরামর্শ প্রদান করেন তিনি। সভায় পৌর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভার পরে মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি পৌরসভার মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। এই সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচি সরকারি নিয়মবিধি মেনে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে সমন্বিতভাবে আন্তরিকতার সহিত কাজ করার আহবানও জানান তিনি।
এর আগে, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি পৌরসভার চত্তরে উপস্থিত হলে তাকে পৌরসভার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় পৌর প্রশাসকের কর্মসম্পাদনা সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেনসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সিনিয়র অফিস সহকারী রিনা বেগম, কর আদায়কারী মো. মুনছুর আলী, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।