আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এর প্রতিদ্বন্দ্বীতা জন্য বৈধ প্রার্থী হিসেবে ৪টি দলের মনোনিত ৪ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি বুধবার দুপুরের দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান’র কার্যালয় থেকে তাদের মাঝে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ, দাড়িপাল্লা, হাতপাখা ও ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল)।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসনটি নকলা ও নালিতাবাড়ী দুইটি উপজেলা নিয়ে গঠিত। নকলা উপজেলা একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে এবং নালিতাবাড়ী উপজেলাটি একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ৮৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৯৮৪ ও নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৯১৩। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ আসনে ১৫৩টি স্থায়ী ও ১টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৫৪টি কেন্দ্র এবং ৭৫৯টি স্থায়ী ও ৬১টি অস্থায়ী ভোটকক্ষসহ মোট ৮২০টি ভোটকক্ষ প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তথ্য মতে, নকলা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৮৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৮৯৯ ও নারী ভোটার ৯৪ হাজার ৯৮৪ জন। এ উপজেলায় ৭০টি স্থায়ী ও ১টি অস্থায়ী কেন্দ্র এবং ৩৫১টি স্থায়ী ও ১১টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুত করা হচ্ছে।
নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ১৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৮৫ ও নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৯২৯ জন। তএ উপজেলায় ৮৩টি স্থায়ী কেন্দ্র এবং ৪০৮টি স্থায়ী ও ৫০টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। উভয় উপজেলার পোস্টাল ব্যালটসহ সর্বমোট ভোটারের সংখ্যা কয়েক হাজার বাড়বে বলে জানান সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগন।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে এবং প্রচার প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।