তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদক থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে শেরপুরে মাদক বিরোধী শপথ গ্রহন করেছেন স্থানীয় তরুণ-তরুণী ও যুবক-যুবনারী। বুধবার ১১টার দিকে শহরের থানা মোড়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মাদককে না বলি, সুস্থ্য-সুন্দর জীবন গড়ি’, ‘মাদক পরিহার করি, নিজে বাঁচি, আগামী প্রজন্মকে বাঁচাই’-এমন প্রতিপাদ্যে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় নাগরিক প্লাটফরম ‘জনউদ্যোগ শেরপুর’ কমিটি এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক তরুণ-তরুণী ও যুবক-যুবনারী মাদকবিরোধী এ শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জনউদ্যোগ’র আহবায়ক আবুল কালাম আজাদ।
শপথ বাক্য পাঠের আগে আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবী শেরপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া এং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, শেরপুর সরকারী কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নুমান আহমেদ, জনউদ্যোগ যুব ফোরামের আহবায়ক শুভংকর সাহাসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের পরে মাদক বিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ গ্রহনকারী সবার হাতে সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল বহন করা হয় এবং সচেতনতা মূলক বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।