শেরপুরের নকলায় নিজের চালিত ট্রাক্টরে পিষ্ট হয়ে চালক আব্দুর রহমান (৩০) নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর গ্রামে এই ঘটনাটি ঘটে। সে দেবুয়ারচর গ্রামের চানু মিয়ার ছেলে। তারা ৪ ভাইয়ের সে সবার ছোট।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহমান দুপুরের দিকে ট্রাক্টর দিয়ে দেবুয়ারচরে জমি চাষ করতে যায়। বিকেল ৪টার দিকে জমি চাষ করে বাড়ি ফিরার পথে নিচু থেকে উঁচু রাস্তায় উঠার সময় ট্রাক্টর উল্টে যায় এবং সে ট্রাকটরের নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য প্রেরণ করেন নকলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইয়ামুন নাহার।
পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরণ করেন। স্থানীয় আলম মিয়া ঘটনার বিবরণ ও মৃত্যুর সত্যতা নিশ্চত করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।