শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ইসলামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা ইউনিয়নের এমপি বাড়ি মোড় ও নাপিতের চর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. রেজাউল করিম খান, ভিএফএ তৌহিদুল ইসলাম, এলএসপি আব্দুল খালেক ও হারুন।

এর আগে বুধবার ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম মাঠে দিনব্যাপি প্রাণি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইফতেখার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জাকির হোসেন, ইসলামপুর মিল্কভিটার ব্যবস্থাপক ডা. মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।

র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

প্রদর্শণীতে বিভিন্ন ষ্টলে দেশী-বিদেশি গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ পোষা পশু-পাখি এবং প্রাণিসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসজ্জিত ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উদ্যোগে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে পশু-পাখির খামারীসহ সকল স্তরের কৃষকরা উপকৃত হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102