শেরপুরের নকলায় সকল মন্ডপের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও উপজেলার সব কয়টি (১৭টি) মন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নকলা শহরের খাদ্যগুদাম এলাকাস্থ নিজ বাসভবনে এ শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় সভায় প্রকৌশলী ফাহিম চৌধুরী শেরপুর জেলায় চলমান বন্যায় নিহত ব্যাক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়া এবং মানবাধিকার ও সংবিধানকে সমুন্নত রেখে সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিতকরণে সকলের প্রতি আহবান জানান।

এসময় প্রকৌশলী ফাহিম চৌধুরী’র সহধর্মিণীসহ উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিকসহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজামন্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী শেরপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রমের পাশাপাশি বিজয়া দশমী পর্যন্ত নকলা ও নালিতাবাড়ী উপজেলার পূজা মন্ডপ সমূহ স্বস্ত্রীক পরিদর্শন করবেন।