শেরপুর জেলার নকলা উপজেলাধীন গনপদ্দী ইউনিয়নের সাহাপাড়া এলাকার কৃতি সন্তান বিপিন চন্দ্র বিশ্বাস নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর মঙ্গলবার (১৭ জানুয়ারী) ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২০.১৫ স্মারক মূলে জারি করা এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য জানা গেছে। এমর্মে বুধবার (১৮ জানুয়ারী) রাষ্ট্রপতির’র আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এর স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিপিন চন্দ্র বিশ্বাস এর আগে অর্থ মন্ত্রণালয়ে ও বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
বিপিন চন্দ্র বিশ্বাস গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত থাকা অবস্থায় কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, নৈতিকতা, ই-নথি, সেবা সহজীকরণ ও নেতৃত্ব দানের ক্ষমতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের জন্য বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন।

নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নবনিয়োগ প্রাপ্ত বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, সততার সহিত দায়িত্ব পালন করলে অবশ্যই তার প্রাপ্তি পাওয়া যায়। আর কাজের পরিধি বেড়ে গেলে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধও বেড়ে যায়। মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল তথা সরকারি দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি সবার নিকট আশির্বাদ কামনা করেছেন। তিনি নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, তিনি গণপদ্দী উচ্চ বিদ্যালয় থেকে তৎকালীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্বের সহিত পাস করে স্কুলের সুমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ২৯তম বিসিএস এ ক্যাডার ভুক্ত হয়ে চাকরিতে প্রবেশ করেন। ২০২০ সালের ২৬ নভেম্বরে বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।