শেরপুরের নকলায় বিভিন্ন উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস-এর বাস্তবায়নাধীন ‘ক্ষমতায়ন’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৭ জুন সোমবার উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান প্রমুখ। এ কর্মশালায় বক্তারা নারী অধিকার ও ক্ষমতায়ন বৃদ্ধিসহ প্রতিবন্ধী ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও অধিকার স্থাপন বিষয়ে বক্তব্য রাখেন।

এসময় ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়, জেলা সমন্বয়কারী কৃষিবিদ মো. মাহবুব হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও নির্বাহী সদস্য সিমানুর রহমান সুখনসহ উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ও ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় গঠিত কৃষিপণ্য উৎপাদক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।