শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা পুলিশ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বটগাইচ্ছা বাড়ির মো. একিন আলীর তৃতীয় ছেলে।
৩০ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও এলাকার গোরস্থান-ঈদগাহ মাঠে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিনের দেহে করোনাভাইরাস ধরা পড়লে, তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে শেরপুর জেলা পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী, পুলিশ পরিদর্শক (অপরাধ) রেজাউল হক, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, নকলা থানার ওসি মুশফিকুর রহমান, নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ ক্লাবের অন্যান্যরা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদা ভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসআই মো. নাজিম উদ্দিন জীবদ্দশায় ময়মনসিংহের নান্দাইল থানায় কর্মরত্ব ছিলেন। এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সুনামের সহিত দায়িত্ব পালন করে সাধারন জনগনের প্রিয় হয়ে ওঠেন। নাজিম উদ্দিন ১৯৮০ সালে শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের এক সমভ্রান্ত মোসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।