শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শপিংমল-দোকানপাট খোলা রেখেই ৫মে পর্যন্ত সর্বাত্মক লকডাউন থাকতে পারে!

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৫২ বার পঠিত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান সর্বাত্মক লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। -খবর যুগান্তর।

২৬ এপ্রিল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় কঠোর লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যুগান্তরকে বলেছেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে তিনি জানান।

চলমান লকডাউনের বিধিনিষেধ ৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। শপিংমল-দোকানপাট খোলা থাকলেও অফিস আদালত এবং গণপরিবহন বন্ধ থাকবে বলে খবরে প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে ৫ এপ্রিল গণপরিবহন ও অফিস-আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয় দেশব্যাপী। এরপর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102